আমি কোনো দিন বাবা হতে চাই নি


 আমি কোনদিনই বাবা হতে চাই নি। সত্যিই না। প্রত্যেক পুরুষ, বিশেষ করে বাঙালি পুরুষের যে কয়েকটা চাওয়া পাওয়া থাকে তার ভেতরে প্রথম দিকেই থাকে বিয়ে করে বাচ্চার বাবা হওয়া। যার অন্য কোন ইচ্ছে জীবনে নেই তারও এই দুইটা ইচ্ছে ঠিকই থাকে। কিন্তু আমি আমার জীবনে কোনদিনই এই বাবা হওয়ার স্বপ্ন দেখি নি। একেবারে ছোট থেকেই। স্বামী হওয়ার স্বপ্ন যে আমি দেখি নি সেটা আমি বলব না। আমার জীবনে বেশ কয়েকজন প্রেমিকা ছিল। তাদের ভেতরে অন্তত দুইজন ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে এদের সাথে জীবন পার করা যায়। তাই তাদের স্বামী হতে আমার আপত্তি ছিল না। যদিও আমি জানতাম যে একজনের সাথে জীবন পার করা, একই ছাদের নিচে থাকাটা সহজ কোন কাজ নয়। তারপরেও ভালো যেহেতু বেসেছিলাম তাই এই এই ঝামেলা কাধে নিতে আমি রাজি ছিলাম। কিন্তু তাদের সাথে বাচ্চা নেওয়া, বাচ্চা লালন পালন করা, এই ইচ্ছে কেন জানি আমার কোন দিনই ছিল না। বুঝতে শেখার পর থেকে আমি বাচ্চাকাচ্চা দেখতে পারি না। এদের বদমাইশি আমার সহ্য হয় না। এদের লালন পালন করতে জীবনে যে প্যারা সহ্য করতে হয় সেটা আমি ভাবতেই পারি না। আমি সত্যি বলতে কল্পনাই করতেই পারি না আমি এই বাচ্চাকাচ্চা বাবা হয়ে তাদের লালন পালন করছি!  

আর এখন এমন অবস্থা হয়েছে যে জীবনে আমি সামান্য তম ঝামেলা সহ্য করতে পারি না। আমার জীবন সত্যি বলতে এখন বেশ ঝামেলা মুক্ত। আপনারা কল্পনাও করতে পারবেন না যে আমার শেষ প্রেমিকার থেকে আলাদা হয়ে যাওয়ার পরে আমার জীবন কী পরিমান শান্ত এবং ঝামেলাহীন হয়ে গেছে। একজন মানুষ জীবনে বেঁচে থাকার জন্য যে সব ঝামেলা সহ্য করে থাকে আমার সেই সব ঝামেলার কিছুই নেই বললেই চলে। একদমই না। এই শান্তিপূর্ণ জীবনে বিগত কয়েক বছর এতো অভ্যস্ত হয়ে গেছি যে এখন আর কোন রকমের ঝামেলা আমার নিতে ইচ্ছে করে না। তবে মাঝে মাঝে আমার একা লাগে না সেটা আমি বলব না। বিশেষ করে ছুটির দিনের সন্ধ্যা বেলায় আমার মাঝে মাঝে মনে হয় এখন যদি কারো সাথে বসে কিছু কথা বলা যেত, কারো হাত ধরে কিছু সময় নির্জন রাস্তায় হাটাহাটি করা যেত তবে মন্দ হত না। তবে সপ্তাহের বাকি দিনগুলোতে আমার মনে এই চিন্তা আসে না। তাই শান্তি থাকার জন্য এই কিছু সময়ের নিঃসঙ্গতাকে মেনে নেওয়াটা নিহত মন্দ নয়।





শোক প্রকাশের স্বাধীনতা


 ১৫ই আগস্ট আমাদের দেশে দীর্ঘদিন ধরে শোক দিবস পালন হয়ে আসছিল। তবে গত দুই বছর ধরে এই দিবস আর পালিত হচ্ছে না। এই বছর দুই আগ-পর্যন্ত যে শোক দিবস পালিত হচ্ছে আর এখন যে পালিত হচ্ছে না, দুইটার ভেতরেই রয়েছে অদ্ভুত ধরনের মিল। দুই ক্ষেত্রে একটা জবরদস্তির ব্যাপার জড়িত। একদল আছে যাদের বক্তব্য ছিল তুই শোক পালন করবি না কেন, তোকে শোক পালন করতেই হবে। আর এখন একদল এসে হাজির হয়েছে যাদের বক্তব্য হচ্ছে তুই ক্যান শোক পালন করবি, তুই শোক পালন করতে পারবি না। তোকে শোক পালন করতে দিবো না। 

২৪ সালে হাসিনা সরকার পালানোর পরে যখন প্রথম ১৫ই আগস্ট এলো তখন ঢাবির হলে থাকা একজন ছাত্র তার বিগত বছরের অভিজ্ঞতা জানাল এই ১৫ই আগস্টকে কেন্দ্র করে। সকাল থেকে শুরু হলের প্রোগ্রাম শুরু হত এবং একটার পর একটা প্রোগ্রাম চলত। শেষ হত রাধ অবধি। হলে থাকা, বিশেষ করে গনরুমে থাকা ছাত্রদের সেখানে বাধ্যবাধ্যতামূলক ভাবে অংশগ্রহণ করতেই হত। এটা কি বিশ্ববিদ্যালয়গুলোতেই ছিল? সব জায়গাতেই ঠিক একই নিয়ম ছিল। তোমাকে শোক পালন করতেই হবে। তোমাকে শোকের অনুষ্ঠানে গিয়ে হাজির হতেই হবে। নয়ত এই ব্যাপারটা খেয়াল রাখা হবে, মনে রাখা হবে এবং পরে সেটার ফল তুমি ভোগ করবে। এই যে তখন প্রত্যেকটা প্রতিষ্ঠানে ঝুলত সবাই কি এটা মন থেকে বা ইচ্ছে করে করত? অবশ্যই না। 

আবার এখন যেটা চলছে, সেটা তো সেই একই ব্যাপার। জোর করে মানুষকে এই শোক পালন করতে দেওয়া হচ্ছে না। তখন সেই সময়ে যারা শোক দিবস পালন করত তাদের সবাই অবশ্যই নিজ থেকে এই কাজটা করতো না কিন্তু কিছু মানুষ তো অবশ্যই ছিল যারা নিজ থেকে এটা পালন করত। একটা পরিবারের প্রায় সব সদস্যদের নির্মম ভাবে হত্যা করা হয়েছে, সেটা আবার দেশের রাষ্ট্র নায়ক এবং বাংলাদেশের রাজনীতির সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিবার, এই দিবসকে শোক পালন করতে চাওয়া তো অন্যায় নয়। রাষ্ট্র এই শোক দিবসকে খারিজ করে দিয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে, সেটা না হয় মেনে নিতে হল কিন্তু একজন মানুষ ব্যক্তিগত ভাবে কেন এই শোক পালন করতে পারবে? কেন তাকে এটা পালন করতে দেওয়া হবে না। কোন ব্যক্তি যারা বর্তমানে দেশে আছে, গুরুত্বপূর্ণ পদে আছে তারা চাইলেও একটা সমান্য স্টাটাস পর্যন্ত দিতে পারবে না। কারণ এখানেই সেই আগের মতই ব্যাপার হবে। আগে যেমন পোস্ট না দিলে, প্রোগ্রামে না গেলে সেটা মনে রাখা হত এখন পোস্ট দিলে কিংবা সামান্যতম শোক প্রকাশ করলেই সেটা মনে রাখা হচ্ছে। 









ধর্ম পালন


 বাংলাদেশ নারী ফুটবল দল সাফ জয় করে দেশে ফেরার পর তাদের ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে নিয়ে আসা হয়। সবাই নারী ফুটবলারদের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু এক দলের যেন মাথা খারাপ হয়ে গেল! ঠিক সেই সময়েই একজন হাফেজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। অমনি দাবি উঠল—মেয়েদের যেহেতু ছাদখোলা বাসে করে সংবর্ধনা দেওয়া হয়েছে, এখন এই ছেলেকেও ঠিক একই রকম সম্মান দিতে হবে। এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কত লেখালেখি! মূল আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়াল—নারীদের যদি ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া যায়, তবে মুসলমান হয়ে কেন একজন কুরআন প্রতিযোগিতায় বিজয়ীকে আমরা এমন সংবর্ধনা দেব না?

পরবর্তী সময়ে সেই ছেলের জন্যও সংবর্ধনার আয়োজন করা হলো; হুবহু এক না হলেও কাছাকাছি একটা ব্যবস্থা তার জন্য করা হয়েছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, সেই প্রতিযোগিতার কয়েক মাস পরই আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় আমাদের দেশের আরেকজন (কিংবা সেই একই জন) আবারও পুরস্কার পেল। অথচ তখন সেই দলের কোনো উচ্চবাচ্য নেই; সাধারণ সেই জনতাও তখন একদম নীরব! তাহলে আগের জনের বেলায় এত উচ্চবাচ্য ছিল কেন? কারণ, মেয়েদের সংবর্ধনা দেওয়া হয়েছে, তাই সেটার সঙ্গে জোরপূর্বক প্রতিযোগিতা করার জন্য এটা করতে হবে।

এখানে উল্লেখ্য যে, আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বেশ কয়েকবারই আমাদের দেশের ছেলেরা সুনাম কুড়িয়েছে। তাদের সম্মান জানানোর বিষয়টি নিঃসন্দেহে চমৎকার। কিন্তু সমস্যা হচ্ছে—না আগে, না পরে, এই ছেলেদের নিয়ে কেউ কখনো এমন মাতামাতি করেছে। নারী ফুটবল দলটিকে নিয়ে সারা দেশের মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছে দেখে ঈর্ষান্বিত হয়ে একদল ‘বোকামোল্লা’ এই ছেলেগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে।

এবার আসা যাক বর্তমান প্রসঙ্গে। আজ পর্যন্ত আপনারা কাউকে নিজের বাড়িতে কিংবা ছাদে কলেমার পতাকা ওড়াতে দেখেছেন? এমনকি এর আগে যে কতগুলো বিশ্বকাপ হলো, দেশের আনাচে-কানাচে কত ভিনদেশি পতাকা উড়ল, তা নিয়ে কি কাউকে খুব একটা চিন্তিত হতে দেখেছেন? কিন্তু এবার এই মোল্লাদের মাথায় কী যেন ভর করেছে! এবার তারা উঠেপড়ে লেগেছে বিশ্বকাপের পেছনে। খেলা দেখা হারাম, ভিনদেশি দল সমর্থন করা হারাম—এসব বলতে বলতে এবার তারা পতাকার পেছনে লেগেছে। এতগুলো বছর পার হওয়ার পর, এই ২০২৬ সালে এসে হঠাত করে মোল্লাদের মনে হলো—এখন আর ভিনদেশি পতাকা ওড়ানো যাবে না, জার্সি পরা যাবে না। এর বিপরীতে তারা রাস্তায় রাস্তায় কলেমার পতাকা ওড়ানো শুরু করল এবং এটাকে ইসলামের সিলমোহর দিয়ে দিল।

এই মোল্লাদের কর্মকাণ্ডে আপনি ইসলাম ছাড়া বাকি সবকিছুই পাবেন। আপনি মিলিয়ে নিয়েন, যেই না বিশ্বকাপ শেষ হয়ে যাবে, এই মোল্লাদের কলেমার পতাকার প্রতি প্রেমও উবে যাবে। এদের ধর্ম পালন কেবল অন্যের কর্মকাণ্ডের ওপর নির্ভর করে; অন্যকে ছোট করার কিংবা দেখানোর জন্যই যেন এদের ধর্ম পালন!



পহেলা বৈশাখের জয়


 প্রতি বছর পহেলা বৈশাখের কাছে ফতুয়াবাজদের পরাজয় দেখতে ভালো লাগে। পহেলা বৈশাখ হারাম বলতে বলতে এরা এপ্রিল মাসের শুরু থেকে যেভাবে হই তোলে তাতে মনে হয় যে এবার আর কেউ পালন করতে যাবে না। অথচ দেখা যায় প্রতিবার পহেলা বৈশাখে এদেশের মানুষ সেই সব ফতুয়াকে কাঁচকলা দেখিয়ে ঠিকই বৈশাখ পালন করছে। যারা কাল বাইরে বের হয়েছেন তারা জানেন। সামনের বারও এইভাবেই মানুষ পহেলা বৈশাখ পালন করবে। এবার একটা মজার ব্যাপার হয়েছে। অনেক বড় বড় ফতুয়াবাজরা পহেলা বৈশাখ নিয়ে কোন কথা বলে নি। মানে আগের বছর যেখানে করা যাবে, হারাম এই টাইপের কথা বলেছে এইবার কিছুই বলে নি। এর কারণটা অনুমান করা কঠিন না। এতোদিন ধরে যে যারা পহেলা বৈশাখের বিরোরীরা করে এসেছে এইবার তারাই বড় ব্যানার করে বৈশাখ পালন করছে। যতই নাম বদলে অন্য নামে করা হোক না কেন, লাউ আর কদু একই জিনিস। সেটা বাংলা নববর্ষ পালন। আপনারা দেখবে আগামী কয়েক বছরের মধ্যে ফতুয়াবাজরা বৈশাখের শুভেচ্ছা পর্যন্ত জানাতে শুরু করবে। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ল। খুব বেশি দিন আগের কথা না। আমার স্কুলে পড়ার সময় যখন মোল্লারা ফতুয়া দিত, তার ভেতরে একটা ছিল যে ছবি তোলা/ভিডিও করা যাবে না। টিভি দেখা যাবে না। যাবে না মানে যাবে না। টিভি দেখা হারাম। তারপর যখন ইসলামিক টিভিগুলো এল, তখন এটা বদলে গিয়ে হল, টিভিতে ভাল কিছু দেখা যাবে, মানে ইসলামিক টিভিগুলো দেখা যাবে, খারাপ কিছু দেখা যাবে না। তারপর যখন ফেসবুকের প্রচার প্রসার হল, ইউটিউবে মনিটাইজেশন এল তখন এই সব কথা আর কেউ বলে না। ছবি তোলা নিয়ে কোন ফতুয়াবাজদের কোন কথা বলতে দেখেন এখন? বরং এখন তারা নিজেরাই ছবি তুলে আপলোড দিচ্ছে। ঠিক একই ভাবে দেখবেন সামনে বৈশাখের শুভেচ্ছা জানাবে তারা। সবই প্রয়োজনে। 

পহেলা বৈশাখের রীতি এই দেশের মানুষের সাথে লম্বা সুদীর্ঘ সময় থেকে আছে। সময়ের সাথে সাথে পহেলা বৈশাখ পালনের রীতি বদলাবে। ১০০ বছর আগে যেভাবে বৈশাখ পালন হত আজকে হুবাহু সেই ভাবে হয় না, ঠিক একই ভাবে আজ থেকে ১০০ বছর পরেও একই ভাবে বর্ষবরণের উৎসব পালন হবে না। কিছু যোগ হবে কিছু বাদ চলে যাবে। এইভাবেই সংস্কৃতিগুলো আমাদের মানুষে টিকে থাকে।

সবাইকে আবারও পহেলা বৈশাখের শুভেচ্ছা। নতুন বছর ভাল কাটুক এই কামনা করি।  



ইস্ট অফ দ্য ওয়েস্ট


 মিরোস্লাভ পেনকভের লেখা একটি গল্পের নাম ইস্ট অফ দ্য ওয়েস্ট। এই গল্পটি ২০১১ সালে প্রকাশিত হয় এবং ২০১২ সালে বিবিসি ইন্টারন্যাশনাল শর্ট স্টোরি অ্যাওয়ার্ড জেতে। গল্পটি বুলগেরিয়া এবং সার্বিয়ার মধ্যে বিভক্ত একটি গ্রামের প্রেক্ষাপটে লেখা। গ্রামটির আগের নাম ছিল স্টারো সেলো। এই গ্রামে গল্পের কথক তার আত্মীয়স্বজনদের নিয়ে বসবাস করত। কিন্তু যুদ্ধের পরে এই গ্রামটি দুই ভাগ হয়ে যায়। একটি অংশ পড়ে বুলগেরিয়ায় এবং অন্য অংশ পড়ে সার্বিয়ায়। এর ফলে গ্রামের একটি অংশ চলে অন্য দেশে। গল্পের কথকের কাজিন ভেরা তার পরিবার নিয়ে সার্বিয়ার নাগরিক হয়ে যায়। পাঁচ বছরে একবার দুই গ্রামের মানুষ তাদের আত্মীয়স্বজনদের সাথে দেখা করার একটি সুযোগ পায়। তখন তারা বর্ডার পার করে অন্য গ্রামে আসতে পারে। এভাবেই তাদের ভেতরে প্রিয়জনের কাছে যাওয়ার একটি সুযোগ আসে। এই কাছে আসার দিনটি তাদের দুই গ্রামের মাঝে একটি উৎসবে পরিণত হয়। দিনের পর দিন দুই গ্রামের মানুষ এভাবে প্রিয় মানুষের সাথে দেখা হওয়ার অপেক্ষায় থাকে।

এদিকে গল্পের কথক তার কাজিনকে পছন্দ করে সেই ছোটবেলা থেকে। তারা মাঝে মাঝে গ্রামের মাঝ দিয়ে বয়ে চলা নদী পেরিয়ে লুকিয়ে দেখাও করে। এভাবেই তাদের দিন পার হয়ে যাচ্ছিল, কিন্তু তখন তাদের জীবনে একটি দুর্যোগ নেমে আসে। কথকের বড় বোন ঠিক একইভাবে ভেরার গ্রামের একটি ছেলের সাথে প্রেম করে, তারাও এভাবে নদী পার হয়ে একে অপরের সাথে দেখা করে। একসময় কথকের বোনের সাথে সেই ছেলের বিয়ে ঠিক হয়। সবকিছু ভালোভাবে চলছিল, কিন্তু দুর্যোগটি নেমে আসে। বিয়ের দুই দিন আগে তারা আবার একে অপরের সাথে দেখা করার জন্য রাতের বেলা লুকিয়ে নদী পার হতে যায়, তবে এবার নদীর ধারে পাহারা দেওয়া বন্দুকধারী গার্ড তাদের উদ্দেশ্যে গুলি চালায় আর দুজনই মারা পড়ে। এই মৃত্যুতে কথকের পরিবার একেবারে ভেঙে পড়ে এবং একই সাথে বছরব্যাপী যে দুই গ্রামের দেখা হওয়ার উৎসব ছিল, সেটাও বন্ধ হয়ে যায়।
এদিকে কথকের বোন মারা যাওয়ার শোকে তার মা মারা যায়। বাবা মদের নেশায় বুঁদ হয়ে থাকে। কথক নিজে খনিতে চাকরি নিয়ে সংসার এগিয়ে নিয়ে যায়। একসময়ে ভেরার বিয়ে হয়ে যায়। একটি সন্তানও হয়। ভেরাকে হারিয়ে ফেলার কষ্টে কথক জর্জরিত হয়। তবে জীবন তো আর থেমে থাকে না। জীবন নিজের নিয়মে এগিয়ে চলে। তারপর তার নেশাগ্রস্ত বাবা মারা যায় আর এরই ভেতরে কথক জানতে পারে যে ভেরার স্বামীও মারা গেছে। তখন কথক ঠিক করে যে সে ভেরার কাছে যাবে। সে নদীপাড়ের গার্ডদের ঘুষ দিয়ে ভেরার বাসায় গিয়ে হাজির হয়। মনের ভেতরে তার নতুন আশা জম্ম দেয় যে শেষ পর্যন্ত সে তার ভালোবাসার মানুষটিকে কাছে পাবে। কিন্তু যখন ভেরা বের হয়ে আসে, তখন দেখা যায় ভেরা নতুন একজন সঙ্গীকে বেছে নিয়েছে।
গল্পটি শেষ করে অদ্ভুত এক বিষণ্নতা নেমে আসে মনে। কথক জীবনের সবকিছু হারিয়ে একেবারে পিছুটানহীন হয়ে গেল। বোন, মা, তারপর বাবা মারা যাওয়ার পরে শেষ বাঁধনটুকু ছিল তার ভালোবাসার মানুষ ভেরা, কিন্তু যখন সেও অন্য কারও হয়ে গেল, তখন তার আর কিছুই রইল না। মানুষ আসলে এভাবে কি একা হতে পারে? একেবারে পরিপূর্ণভাবে পিছুটানহীন? এই গল্পটি নিজের ভেতরে আরও ভালোভাবে অনুভব করার কারণ হলো সামনের জীবনে আমি নিজেও হয়তো এই কথকের মতো এইভাবে পিছুটানহীন হয়ে যাব! 


নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রতি সংবেদনশীল কেন নয়?


 আমাদের নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রতি যথেষ্ঠ পরিমান সংবেদনশীল নয়, কিংবা আরও ভাল করে বললে আমরা ঠিক যতখানি আশা করি তারা সংবেদনশীল হোক ততটা সংবেদনশীল তারা নয়। এটা কোন ভাবেই অস্বীকার করার উপায় নেই। এর পেছনে দায়টা কেবল যে তাদের, ব্যাপারটা এমনও নয়। আমরা তো দোষ দিয়েই খালাস কিন্তু আমরা আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রতি সংবেদন্সশীল করতে কী কী কাজ করেছি বলেন? আমি যদি আপনাকে প্রশ্ন করি তাহলে আপনার উত্তর টা কী হবে? আপনার বাসায় কয়টা মুক্তিযুদ্ধের বই আছে? আপনি কবে নিজেদের ছেলে মেয়েদের মুক্তিযুদ্ধের গল্প শুনিয়েছেন বলেন? আমাদের প্রজন্ম কিংবা আমাদের আগের প্রজন্মের বেশির ভাগ মানুষই মুক্তিযুদ্ধ বিষয়ক কোন কিছুই তাদের পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দেয় নি। তাহলে আমরা তাদের অভিযোগ করি কোন হিসাবে?

আমাদের নতুন প্রজন্ম বা জুলাই প্রজন্ম মুক্তিযুদ্ধকে চিনেছে কেবলই আওয়ামী রাজনৈতিক টুল হিসাবে। তাদেরকে জোর করেই গেলানো হয়েছে আওয়ামী মুক্তিযুদ্ধের ইতিহাস। তাদের বিশ্বাস করতে বাধ্য করা হয়েছে যে আওয়ামীলীগই আসলে মুক্তিযুদ্ধ করেছে তার কেউ কিছুই করে নি। এই তরতাজা মিথ্যাটা তারা একটু বড় হয়েই বুঝতে পেরেছে নিজে নিজেই। তখন তাদের এই পুরো ইতিহাসের ব্যাপারেই একটা বিরূপ মনভাব সৃষ্টি হয়েছে। একবার কেবল ব্যাপারটা তাদের জায়গা থেকে কল্পনা করার চেষ্টা করেই দেখুন। আপনাকে ছোটবেলা থেকে একটা ব্যাপার জেনে বড় হচ্ছেন তারপর একসময়ে নিজেই তার ভেতরের ফাঁক ফোকর টের পেতে থাকেন। স্বাভাবিক ভাবেই আপনার সেই ব্যাপারটার উপর থেকে আগ্রহ চলে যাবে। 

এখানে অবশ্য আরেকটা স্বাভাবিক ফ্যাক্টরও কাজ করে। সেটা হচ্ছে সময়। আমার বাবা-দাদারা মুক্তিযুদ্ধের সরাসরি প্রজন্ম। তারা এই ব্যাপারটা সরাসরি প্রত্যক্ষ করেছে। তাদের কাছে এই ব্যাপারটা নিয়ে যতখানি আবেগ কাজ করবে আমাদের ভেতরে সেই পরিমান আবেগ কিন্তু কাজ করবে না। আমরা, মানে হচ্ছে আমাদের প্রজন্ম যতই আলগা পিরিত দেখাই না কেন মুক্তিযুদ্ধের ব্যাপারে, আমরা কোন ভাবেই আমাদের বাবা দাদাদের মত করে মুক্তিযুদ্ধকে ধারণ কিংবা অনুধাবন করতে পারব না। এটা কোন ভাবেই সম্ভব না। একই ব্যাপারটা খাটে এই নতুন প্রজন্মের ব্যাপারে। এদের মাঝে প্রজন্মের ব্যবধান। এবং এই ব্যাপারটা যত প্রজন্ম পার হবে তত ভাল করে ধরা পড়বে। 

এছাড়া যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে নি, কিংবা মুক্তিযুদ্ধের যারা সরাসরি ক্ষতিগ্রস্থ হয় নি, তারা এই মুক্তিযুদ্ধকে সরাসরি অংশগ্রহন বা ক্ষতিগ্রস্থদের মত করে অনুভব করতে পারবে না। এটাও কোন ভাবে সম্ভব না। ভাবুন তো আপনার বন্ধুর বাবা একজন মুক্তিযোদ্ধা আর আপনার বাবা মুক্তিযুদ্ধ করে নি। এখন আপনার বন্ধু মুক্তিযুদ্ধকে নিয়ে যতটা আবেগী আপনি কি তার পরিমান আবেগ ধারণ করতে পারবেন? কোনো ভাবেই পারবেন না। আমি বলছি না যে মুক্তিযুদ্ধের প্রতি আপনার অনুভূতি মিথ্যা কিন্তু সেটা কোনো ভাবেই আপনার বন্ধুর মত কিংবা সমান হবে না। সিম্পল এটা সম্ভবই না। একই ভাবে আপনার বন্ধুর বাবা যদি মুক্তিযুদ্ধের শহীদ হয়ে থাকে আর আপনার বাবা যদি যুদ্ধ না করে তাহলে তার মত করে আপনি মুক্তিযুদ্ধকে অনুভব করতে পারবেন না। আমাদের নতুন প্রজন্মের সাথেও ঠিক এই একই ব্যাপারটা হয়েছে কিংবা হচ্ছে। এখনকার প্রজন্মের বাবারা বলতে গেলে কেউই মুক্তিযুদ্ধ করে নি। যেখানে তাদের বাবারাই যুদ্ধ করে নি, তাদের নিজেদের মধ্যেই যুদ্ধের প্রতি সেই আবেগ নেই, তাহলে তাদের সন্তানদের ভেতরে সেই আবেগ আসলে আসবে কোথা থেকে? আপনাকে প্রশ্ন করি আপনি পাকিস্তানের প্রতি ঘৃণা অনুভব করেন অথচ বৃটিশদের প্রতি কেন ঘৃণা অনুভব করেন না? দুইদেশই আমাদের দেশের উপর ভয়ানক শোষণ চালিয়েছে।



আমাদের জেনারেশন


 আমাদের মত যাদের জন্ম আশির দশকের শেষে এবং নব্বইয়ের দশকের শুরুর দিকে তাদের অনেকেই লাকি জেনারেশন বলে। আমরা এমন একটা জেনারেশন যারা সব কিছু পেয়েছে। এখন মানুষ স্বপ্নের শৈশবের কথা বলে স্মৃতিরোমন্থন করে আমরা সেই চমৎকার শৈশব পেয়েছি। আমাদের শৈশব এবং কৈশরগুলো পরিপূর্ণ ভাবে ইন্টারনেট এবং স্মার্টফোন মুক্ত ছিল। ঘুম থেকে উঠে প্রথমে আমরা কোন দিন আমাদের ফোন কিংবা ট্যাবের খোজ করি নি কিংবা টিভিও চালাই নি। আমাদের কারো রাত জাগার অভ্যাস ছিল না। সন্ধ্যা হলেই আমরা হ্যারিক্যান কিংবা চার্জারলাইট নিয়ে পড়তে বসতাম। আমাদের সময়ে কোন দিন সন্ধ্যার পরে বিদ্যুৎ থাকত না। এমন কি শীতকালেও না। মাগরিবের আযানের সাথে সাথে বিদ্যুৎ চলে যাওয়া ছিল আমাদের ঐতিহ্যের অংশ। রাত আটটার সংবাদের পরে আমরা বিটিভির সামনে বসতাম। এটাই ছিল আমাদের এন্টারটেইনমেন্টের মূল উৎস। টেলিভিশন। আরও ভাল করে বললে বিটিভি। সংবাদের পরে প্রতিদিন কোনো না কোনো নাটক হত প্রতিদিন। সপ্তাহে দুই দিন সম্ভব প্যাকেজ নাটক হত বাকি দিনগুলো হল ধারাবাহিক নাটক। শুক্রবারে বিশেষ কোন অনুষ্ঠান। এছাড়া বাংলা ভাষার ডাবকৃত বিদেশী সিরিজ হত সপ্তাহে দুই তিন দিন। আমাদের ছোটদের বিকেল একটু আগে কার্টুন দেখানো হত প্রায় প্রতিদিনই। এই কার্টুন দেখেই আমরা খেলতে যেতাম মাঠে। কেউ কেউ আরও আগেই মাঠে গিয়ে হাজির হত। 

আমাদের বন্ধুদের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই খেলার মাঠ এবং স্কুল। এখানে আমাদের যাবতীয় আড্ডা হত। কোনো বন্ধুর সাথে দেখা করতে হলে আমরা সরাসরি তার বাসায় গিয়ে হাজির হতাম। আমরা জানতামও না সে তখন বাসায় থাকবে কিনা ! এখন যেমন আমরা না বলে কোন বন্ধুর বাসায় গিয়ে হাজির হওয়ার কথা ভাবতেও পারি না তখন এই ব্যাপারটাই ছিল স্বাভাবিক। এক সাথে বনে বাদারে ঘুরে বেড়ানো, মাঠে খেলা, কিংবা পুকুর নদীতে সাঁতার কাঁটা ছিল আমাদের শৈশবের পাসটাইম। ভিডিও গেম বলতে আমরা বুঝতাম মোড়ের দোকানের ৫ টাকা দিয়ে খেলা মোস্তফা ফাইটিং গেম। তবে এই খেলাকে আমরা ভাল চোখে দেখতাম না। ভাল ছেলেরা ঐখানে গিয়ে খেলে না। তবে আমাদের হাতে আরেকটা ভিডিও গেমের খেলনা ছিল। অল্প কয়েকটা সুইচ থাকত সেখানে, ব্যাটারি চালিত এই খেলনা আমাদের কাছে ভিডিও গেম ছিল। 

আমাদের কাছে কোন ইন্টারনেট ছিল না। দুনিয়ার কোথায় কী ঘটছে সেটা জানার খুব একটা উপায় ছিল না। যাদের বাসায় পেপার রাখা হত সেই পেপার থেকে যা যেত তাই সই। আর বিটিভিতে যা দেখানো হয় সেটাই। এর বাইরে খুব বেশি কিছু জানার কোন উপায় ছিল না বেশির ভাগ মানুষেরই। একটা সময়ে এসে ডিস সংযোগ একটু সহজলভ্য হল। তখন বাসায় ডিসের সংযোগ এসে হাজির হল। তখন আমরা বহিরবিশ্বের খবরাখবর জানতে পারতাম। যদিও আমাদের সেই সময়ে আগ্রহ ছিল কেবল মুভির স্পোর্টসের দিকেই। 

আমি যখন হাইস্কুলে উঠলাম তখন ভিসিডি প্লেয়ার নামের এক সস্তা ভিডিও দেখার যন্ত্র এসে হাজির হল। যদিও ভিসিআর, ভিসিডি/ডিভিডি প্লেয়ার আগেও ছিল কিন্তু তখন এই জিনিসের দাম ছিল অনেক অনেক বেশি। উচ্চবিত্ত ছাড়া আর কেউ এই যন্ত্রগুলো কেউ কিনতে পারত না। তবে ঐ সম্যে এই যন্ত্রের দাম একেবারে কমে যায়। তিন চার হাজার টাকায় পাওয়া যেত এসব। তখন সবার বাড়িবাড়ি এই জিনিস এসে হাজির হল। আমরা সেই সময়ে আসল মুভি দেখার স্বাদ পেলাম। 

আমরা যখন কলেজে উঠেছি তখন মোবাইল ফোন মানুষের হাতে হাতে আসা শুরু করেছে। সেই সময়েও ফোন শুধু মাত্র অন্যের সাথে যোগাযোগের মাধ্যমই ছিল। আমরা আমাদের কলেজের বন্ধুদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করতাম। ফোনে কথা হত কম তবে মেসেজিং হত বেশি। মেসেজ বান্ডেল কেনা যেত। বিশ্ববিদ্যালয়ে ওঠার পরে আমরা ঢুকলাম ইন্টারনেটের যুগে। তখনো যদিও মোবাইল ইন্টারনেট এতোটা ফ্রেন্ডলি ছিল না। আমরা ঘন্টা ইন্টারনেট চালানো শিখেছি মূলত সাইবার ক্যাফে থেকে। এই জিনিসটা এখন একেবারেই নেই। অথচ সেই সময়ে একটা এলাকাতে চার পাঁচটা করে সাইবার ক্যাফে থাকত। ঘন্টা হিসাবে আমরা কম্পিউটারের সামনে বসে থাকতাম। 

বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে আমরা স্মার্টফোনের যুগে প্রবেশ করলাম যদিও তখনও সবার হাতে হাতে স্মার্টফোন এসে পৌছাই নি। ছোটদের হাতে তো প্রশ্নই আসে না। তখন বাড়ির কর্তার হাতে কেবল থাকত এই স্মার্টফোন। সে যখন অফিস থেকে বাসায় ফিরতো তখন সেই ফোন তার ছেলে মেয়েরা চালানোর সুযোগ পেত। 

আমাদের জেনারেশন থেকে প্রযুক্তি পারদর্শীতা শুরু হয়েছে। আমাদের আগের জেনারেশন বলতে গেলে একেবারে প্রযুক্তি গর্ভব ছিল, এখনও অনেকেই আছে। আমাদের সামনে প্রতিটা প্রযুক্তি এসে হাজির হয়েছে, ছড়িয়ে পড়েছে আমরা সেগুলো নিজে নিজে হাতে কলমে শিখেছি। 

আমাদের জেনারেশনটা সব কিছুর একেবারে সঠিক সময়ে পেয়েছি। যখন যে জিনিসটা আমাদের দরকার ছিল তখন যেন সেটাই এসে হাজির হয়েছে। আমাদের শৈশব কৈশোর ছিল একেবারে প্রাকৃতিক। আমরা মাঠে ঘাটে প্রকৃতির মাঝে আমাদের পার করেছি। স্কুল কলেজে থাকতেই আমরা প্রযুক্তির ছোঁয়া পেয়েছি তবে এমন ভাবেও নয় যে আমাদের পুরো জীবন প্রযুক্তি নির্ভয় হয়ে যায়। যেটা এখনকার স্কুল কলেজের বাচ্চাদের দেখা যায়। স্মার্টফোন আর পিসির বাইরেও যে একটা জগত আছে এটা অনেকেই যেন জানে না। তারপর যখন আমরা বিশ্ববিদ্যালয়ে উঠেছি তখন পরিপূর্ণভাবে এই ডিজিটাল জগতে প্রবেশ করেছি। কিন্তু সেই প্রবেশেরো একটা গন্ডি ছিল আমাদের কাছে। তখনও আমরা অনলাইনের মানুষ থেকে বাস্তবের মানুষগুলোকেই বেশি গুরুত্ব দিয়েছি। আমরা ঘুরতে গিয়েছি রেস্টুরেন্টে খেতে গিয়েছি তারপর কোন এক সময়ে মনে হয়েছে যে এক সাথে ছবি তোলা দরকার কিন্তু এখন মানুষ ঘুরতে যায় যাতে করে ফেসবুক ইনস্টাগ্রামে ভাল ছবি দিতে পারে। 

আপনি আমাদের জেনারেশনে জন্মালে একেবারে ছোট থেকে এই পর্যন্ত সময়টা একবার কল্পনা করে দেখুন। তারপর আমাদের আগের জেনারেশন কিংবা আমাদের পরের জেনারেশনের সাথে তুলনা করে দেখেন। দেখবেন যে আমাদের আগের এবং পরের জেনারেশন অনেক কিছু মিস করেছে কিন্তু আমরা পেয়েছি সব কিছুই।  



এআইয়ের প্যাঁচাল


 ২০১৩ সালে ফেসবুকের এআই রিসার্চ ল্যাব (FAIR) প্রতিষ্ঠিত হয়। এই ল্যাবের নেতৃত্বে ছিলেন ইয়ান লেকুন। টেক জগতে ইয়ান লেকুনকে সবাই ডিপ লার্নিংয়ের পথিকৃৎদের একজন হিসাবেই চেনে, এছাড়া তিনি কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের উদ্ভাবক। ২০১৬ সালের শেষের দিকে এই ল্যাবে তিনি নতুন একটি গবেষণা প্রজেক্ট শুরু করেন। এই প্রেজক্টের উদ্দেশ্য ছিল এআইয়ের মাধ্যমে মানুষের সাথে আরও স্বাভাবিক এবং কার্যকর যোগাযোগ ব্যবস্থা তৈরি করা। এই জন্য তারা দুটি চ্যাটবট তৈরি করেন। এদের নাম রাখা হয় বব এবং অ্যালিস। এই বটগুলোর কাজ ছিল একে অপরের সাথে আলোচনার মাধ্যমে ভার্চুয়াল আইটেম (যেমন বই, টুপি বল) বিনিময় করা, যাতে তারা সর্বোচ্চ সুবিধা অর্জন করতে পারে।

প্রজেক্টের শুরু থেকে গবেষকরা রিইনফোর্সমেন্ট লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে এই বটগুলোকে প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। রিইনফোর্সমেন্ট লার্নিং হলো এমন একটি মেশিন লার্নিং পদ্ধতি, যেখানে এআই এজেন্ট ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে শিখে এবং তার কাজের জন্য পুরস্কার বা পেনাল্টির ভিত্তিতে নিজেকে উন্নত করে। বব এবং অ্যালিসকে প্রাথমিকভাবে ইংরেজি ভাষায় যোগাযোগ করার জন্য প্রোগ্রাম করা হয়। তবে এখানে গবেষকরা তাদের গুরুত্বপূর্ণ একটা স্বাধীনতা দেন: তারা তাদের কাজের দক্ষতা বাড়াতে নিজেদের ভেতর যোগাযোগের পদ্ধতি নিজেদের মতো করে উন্নত করতে পারবে। এই স্বাধীনতা দেওয়ার পেছনে উদ্দেশ্য ছিল এটা দেখা যে এআই কতটা স্বাভাবিকভাবে মানুষের মতো আচরণ করতে পারে এবং কীভাবে তারা জটিল সমস্যা সমাধানের জন্য নতুন কৌশল তৈরি করে।

২০১৭ সালের মাঝামাঝি সময়ে এসে গবেষকরা একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলেন। তারা দেখতে পেলেন যে বব এবং অ্যালিস ইংরেজি ভাষা থেকে সরে এসে একটি নতুন ধরনের যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছে। এই নতুন "ভাষা" ইংরেজির শব্দের উপর ভিত্তি করে হলেও ভাষাটা ঠিক পুরোপুরি প্রচলিত ইংরেজি ছিল না। যেমনঃ

 বব: I can can I I everything else… 

অ্যালিস: balls have zero to me to me to me to me…"

প্রথম দেখায় মনে হতে পারে যে বটগুলো ভুল করছে বা তাদের প্রোগ্রামে কোন ভুল রয়েছে। কিন্তু গবেষকরা বুঝতে পারেন যে এটা কোনো ভুল ননা। বরং, বটগুলো ইংরেজির জটিল বাক্য গঠন এড়িয়ে একটি সংক্ষিপ্ত এবং দ্রুত যোগাযোগের পদ্ধতি তৈরি করেছে, যা তাদের কাজ আরও দ্রুত হয়। এই নতুন ভাষা মানুষ বুঝতে না পারলেও, বটগুলো ঠিকই বুঝতে পারছে এবং নিজেদের কাজ ঠিকই করে ফেলছে।

বটগুলো এই নতুন ভাষা তৈরি করেছিল যেন তারা তাদের দক্ষতা বাড়াতে পাবে এবং নিজেদের কাজ আরও দ্রুত করতে পারে। এই স্বাধীনতা দেওয়া হয়েছিল। ইংরেজি ভাষার জটিল ব্যাকরণ এবং শব্দভাণ্ডার বটগুলোর কাছে অপ্রয়োজনীয় মনে হয়েছিল, কারণ এটি তাদের কাজের গতি কমিয়ে দিচ্ছিল। রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের মাধ্যমে তারা শিখেছিল যে রিপিটিং শব্দ এবং প্যাটার্ন ব্যবহার করে তারা আরও দ্রুত এবং কার্যকরভাবে যোগাযোগ করতে পারে। যেমন, "to me to me to me" এর মতো পুনরাবৃত্তি দিয়ে তারা সম্ভবত কোনো নির্দিষ্ট আইটেমের পরিমাণ বা গুরুত্ব বোঝাতে চাইছিল। তাদের কাছে এই গুরুত্ববোঝাতে ইংরেজির দীর্ঘ বাক্যের চেয়ে এটাই সহজ এবং দ্রুত মনে হতে পারে। একবার ভাবুন ব্যাপারটা, নিজেদের ভেতরে কথা বলার জন্য তারা নিজেরা নতুন ভাষা তৈরি করে ফেলছে।

তবে এই ঘটনা গবেষকদের জন্য একটি সমস্যা তৈরি করে। এই বটগুলো আসলে কী বলছে সেটা নিশ্চিত ভাবে মানুষেরা বুঝতে পারছে না, তাই গবেষণাকে সঠিক ভাবে মূল্যায়নও করতে পারছে না। কিন্তু এই প্রজেক্টের মূল উদ্দেশ্য ছিল মানুষের সাথে এআইয়ের যোগাযোগ উন্নত করা। ভাষা বদলে ফেলার ফলে এটা অসম্ভবত হয়ে পড়েছিল। এছাড়া, এই অবোধ্য ভাষা নিয়ে গবেষকদের মধ্যে নিরাপত্তার উদ্বেগও দেখা দেয়। যদিও বটগুলো কোনো ক্ষতিকর কাজ করছিল না, তবুও তাদের কথাবার্তা বুঝতে পা পারার কারণে গবেষকদের মনে হয়েছিল যে তারা হয়তো এটার উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। এরপরই বটগুলো শাটডাউন করে দেওয়া হয়। ফলে, ২০১৭ সালের মাঝামাঝি সময়ে ফেসবুকের গবেষকরা এই প্রকল্পটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং বটগুলোকে শাটডাউন করেন।

এই ঘটনা মিডিয়ায় প্রচারিত হলে খুব হইচই পড়ে যায়! অনেকেই এআইকে বিপদ হিসেবে উপস্থাপন করে। কেউ কেউ তো আবার এটাও বলে যে এআই "নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল" বা "মানুষের নিয়ন্ত্রণ ছাড়িয়ে নিজস্ব ভাষা তৈরি করেছে"। তবে ফেসবুকের গবেষকরা সব সময় বটগুলোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ রেখেছিলেন এবং তারা সচেতনভাবেই প্রকল্পটি বন্ধ করেছিলেন। তবে জনসাধারনের মন থেকে এই নিয়ন্ত্রণ হারানোর ব্যাপারটা মুছে যায় নি।

এই ঘটনার পর ফেসবুক তাদের এআই প্রোগ্রামে আরও কঠোর নিয়ম যুক্ত করে। তারা নিশ্চিত করে যে ভবিষ্যতে এআই বটগুলো শুধুমাত্র মানুষের বোধগম্য ভাষায় যোগাযোগ করবে। এছাড়া তাদের উপরে তারা পূর্ণ নিয়ন্ত্রণের ব্যাপারে আরও জোরদার ব্যবস্থা গ্রহণ করে। 



ভূমি দখলে ধর্মের ব্যবহার


অনেক আগে একটি হিন্দি মুভি দেখেছিলাম। মুভির কাহিনীতে দেখানো হয় যে ঋণের লোভ দেখিয়ে একটি বস্তির লোকজনের কাছ থেকে প্রতারণা করে তাদের বাড়িঘরের দলিলে স্বাক্ষর নেওয়া হয়। মূলত একজন বিল্ডার সেখানে একটি আধুনিক শপিং সেন্টার বানাতে চায়। বস্তিবাসীরা যখন প্রতিবাদ করতে যায়, তখন বিল্ডার তাদের দেখায় যে তারা দলিলে স্বাক্ষর করেছে, টাকা নিয়েছে এবং জমি বিল্ডারের কাছে বিক্রি করে দিয়েছে। আইন এখন বিল্ডারের পক্ষে। এখন কী হবে? যেদিন বস্তি ভাঙার কথা, তার আগের রাতে সেই বস্তির জমির নিচে একটি দেবীমূর্তি পাওয়া যায় এবং বস্তির একটি মেয়ের ওপর দেবী ভর করে! তারপর কী হয়? দূর-দূরান্ত থেকে লোকজন সেই দেবীমূর্তি দেখতে আসে! দেখতে দেখতে জায়গাটি জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে। যে মন্ত্রী বিল্ডারের পক্ষে ছিলেন, তিনিও এসে দেবীমূর্তির পায়ে মাথা ঠেকান! এই উপমহাদেশে ধর্মের নামে এভাবে কত শত জায়গা-জমি দখল হয়ে যায়।

সরকারি খাস জমিতে যদি একবার মসজিদ নির্মাণ করা যায়, তবে সেই মসজিদ আর কোনোভাবেই সরানো সম্ভব হয় না। আপনি আশেপাশে খোঁজখবর নিয়ে দেখুন, এমন পরিচিত ঘটনা দেখতে বা শুনতে পাবেন। ধর্মের নিয়মে কী বলে? সরকারি খাস জমিতে উপাসনালয় তৈরি করা যায়? ওয়াকফ ছাড়া কোনো জমিতে জুমার মসজিদ বানানো যায় না। জমির মালিক যদি নিজে জমি দান না করেন, তবে সেখানে মসজিদ বানিয়ে নামাজ পড়া যায় না। ধর্মের নামে জমি দখলের এই প্রথা এই দেশে খুব ভালোভাবেই চলছে।

আজ ফেসবুকে এমন একটি ঘটনা নিয়ে প্রগতিশীলরা খুব কান্নাকাটি করছে। তবে তাদের কান্নাকাটি ধর্মের নামে জমি দখলের বিরুদ্ধে নয়, বরং দখলকৃত সেই স্থাপনা ভেঙে ফেলা হয়েছে বলে। মঙ্গলবার বাংলা ট্রিবিউনে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে বলা হয়, খিলক্ষেতে একটি মন্দির ভেঙে ফেলার জন্য একদল মুসল্লি আলটিমেটাম দিয়েছে। এই শিরোনাম যে কতটা ভয়ংকর, তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। অথচ আসল কথা হলো, খিলক্ষেতের সেই জায়গায় কোনো স্থায়ী মন্দির নেই। জায়গাটি পুরোপুরি রেলওয়ের সম্পত্তি, অর্থাৎ সরকারি জমি। সেখানে অস্থায়ীভাবে একটি মন্দির তৈরি করা হয়েছে। অস্থায়ী বলতে, সেখানে তাদের ধর্মের একটি মূর্তি স্থাপন করা হয়েছে এবং টিনের চাল ও বেড়া দেওয়া হয়েছে। এই মন্দিরটি প্রতারণার মাধ্যমে তৈরি করা হয়েছে, অর্থাৎ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। গত বছর সেখানে দুর্গাপূজা হয়েছিল, এবং পূজার মূর্তি স্থাপন করা হয়েছিল। পূজার পর প্যান্ডেল ভাঙা না হয়ে সেখানে মন্দির স্থাপন করা হয়।

এবার এই অস্থায়ী মন্দিরের জায়গায় স্থায়ীভাবে ইট বসাতে গেলে এলাকার মানুষ এসে বাধা দেয়। এখন আপনারা বলুন, সরকারি জমিতে অবৈধভাবে এই মন্দির স্থাপনে বাধা দেওয়া ঠিক হয়েছে, না ভুল? যদি আপনার মাথায় সামান্য বুদ্ধি থাকে, তবে পরিষ্কার বুঝতে পারবেন যে মন্দির স্থাপনের নামে এই জমি দখলের একটি চক্রান্ত চলছিল। এবং এর সঙ্গে একটি নির্দিষ্ট দলের লোকজন জড়িত।

তবে আজ সেই অস্থায়ী মন্দিরটি ভেঙে ফেলা হয়েছে। এ নিয়ে প্রগতিশীলদের মধ্যে খুব কান্নাকাটি চলছে—কেন মন্দির ভাঙা হল? অথচ এটি সরকারি জমি দখল করে অবৈধভাবে তৈরি করা হয়েছিল, সে বিষয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। এখানে একটি কথা উল্লেখ করতে চাই, ২০২১ সালে বরিন্দ্রসরবরের আর রহমান জামে মসজিদটি ভেঙে ফেলা হয়েছিল, কারণ সেটি অবৈধ জমিতে ছিল। তখন কি এরা একটি লাইনও খরচ করেছিল?

আমাদের দেশে জনসংখ্যার অনুপাতে এত পরিমাণ উপাসনালয় আছে যে নতুন করে আর কোনো ধর্মীয় উপাসনালয় তৈরির প্রয়োজন নেই। অন্তত সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে উপাসনালয় তৈরির কোনো প্রয়োজন নেই। কেউ যদি ওয়াকফ করে জমি দান করেন, তবে নতুন করে উপাসনালয় তৈরি করা আলাদা ব্যাপার। কিন্তু সরকারি জমি দখল করে অবৈধভাবে এই কাজ করলে, ধর্ম পালনের চেয়ে সেই জমি থেকে অবৈধ আয়ের উদ্দেশ্যই বেশি থাকে। ধর্মকে ব্যবহার করে এই জমি দখল বন্ধ করতে হবে। 




মেয়েদের পোশাক নিয়ে যত মাথাব্যাথা


 কোন মেয়ে যদি বলে আমি পোশাক স্বাধীণতা চাই তাহলে আমাদের এক শ্রেণীর মোল্লা সমাজ এসে বলবে ন্যাংটো হওয়ার অধিকার চায়। আর যারা একটু সুশীল মোল্লা আছে তারা বলবে, তাই বলে তো আপনি শাহবাগে বিকিনি পরে যাইতে পারেন না। ব্যাস এই দুই শ্রেণী বাদ দিয়ে আপনি আর কোন শ্রেণী পাবেনই না। এদের মাথায় কেবল কেবল এই দুই ধরনের কথা বার্তাই ঘুরপাক খায়। পোশাক স্বাধীণতা মানেই হচ্ছে মেয়েতা ন্যাংটা হয়ে ঘুরতে চায় নয় বিকিনি পরে শাহবাগে যাইতে চায়। এই দুই কথা ছাড়া তাদের ব্রেনের তারে আর কোন সিগনাল ধরবেই না।

মেয়েদের পোশাক স্বাধীনতা মানে কী?

মানে হচ্ছে মেয়েরা কী পোশাক পরবে সেটা অন্য কেউ ঠিক করে দিবে না। কেউ যদি বোরকা পরতে চায় তবে সে সেটা পরবে নিজের ইচ্ছায়, কেউ যদি জিন্স সেলোয়ার কামিজ পরতে চায় সে পরবে তার নিজের ইচ্ছেয়, এখানে অন্য কেউ কথা বলবে না। আপনি বাইরে থেকে তাকে এটা ঠিক করে দিবেন না যে এই মেয়ে তুমি এই পোশাক পরতে পারবে না বা এটাই তোমাকে পরতে হবে। 

কিন্তু বাঙ্গু মোল্লারা এই স্বাধীনতার চাওয়ার বিপরীতে ধরেই নিয়েছে যে তারা আসলে ন্যাংটো হইতে চায়। বাঙ্গু মাথায় নারী মানে হচ্ছে হয় পুরোপুরি বোরকায় আবৃত নয়তো বিনিকি ন্যাংটো হয়ে থাকে। এর বাইরে এরা আর কোন কিছু চিন্তাই করতে পারে না। 

আচ্ছা আপনি আপনার আশে পাশে কয়টা মেয়েকে দেখেছেন অশালীন ভাবে ঘোরাফেরা করতে?

আমি ঢাকা শহরে আজকে ১৫ বছরের বেশি সময় ধরে থাকি। দিনের ভেতরে লম্বা সময় বাইরে থাকি। আগে বাসে রিক্সায় করে যেতাম এখন সাইকেলে করে যাই। লক্ষ্য লক্ষ্য মেয়েদের সাথে দেখা হয়েছে। আমি হলপ করে বলতে পারি আমি এমন একজন মেয়েকেও অশালীন পোশাকে দেখি নি। এখন আপনার চোখে যদি বোরকা ছাড়াই সকল পোশাক অশালীন মনে হয় তবে আপনার সাথে আমি তর্কে যাবো না। আপনার মত বলদের সাথে তর্ক করে এনার্জি নষ্ট করার কোন অর্থ হয় না। 



ট্যারিফ বৃদ্ধি এবং বাংলাদেশের অর্থনীতি: প্রভাব কতটা গভীর হবে?


 



সম্প্রতি যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন ট্যারিফ আরোপ করেছে। এর অংশ হিসেবে বাংলাদেশের পণ্যের ওপর ট্যারিফের হার বেড়ে ৩৭% হয়েছে, যেখানে আগে এটি ছিল ১৫%। এই লেখায় আমরা ট্যারিফের এই পরিবর্তনের তাৎপর্য এবং এর প্রভাব নিয়ে আলোচনা করব। ট্যারিফ হলো আমদানি করা পণ্যের ওপর আরোপিত একটি কর বা ট্যাক্স। সাধারণত এই ট্যাক্সের বোঝা শেষ পর্যন্ত গ্রাহকদের কাঁধেই পড়ে। অর্থাৎ, বাংলাদেশি পণ্যের ওপর বাড়তি ট্যারিফের ফলে আমেরিকার জনগণকেই বেশি দাম দিতে হবে। 

তাহলে প্রশ্ন জাগে, যদি এই ট্যারিফ আমেরিকানদের পকেট থেকেই যায়, তবে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% ট্যারিফ আরোপের উদ্দেশ্য কী? এটি বোঝার জন্য একটি সহজ উদাহরণ দিই। 

ধরা যাক, বাংলাদেশে ১০ ডলার মূল্যের একটি শার্ট তৈরি হয় এবং তা আমেরিকায় রপ্তানি করা হয়। আগে ১৫% ট্যারিফের সময় এই শার্টের ওপর ১.৫ ডলার ট্যাক্স যোগ হতো, ফলে আমেরিকার বাজারে এর দাম হতো ১১.৫ ডলার। এখন ৩৭% ট্যারিফের ফলে ৩.৭ ডলার যোগ হবে, এবং শার্টটির দাম দাঁড়াবে ১৩.৭ ডলার। এই বাড়তি টাকা বাংলাদেশি রপ্তানিকারকদের পকেট থেকে যায় না, বরং আমেরিকার গ্রাহকরা তা পরিশোধ করেন। তাহলে এর মাধ্যমে কী লাভ হয়?

একটি দেশ অন্য দেশের পণ্যের ওপর ট্যারিফ আরোপ করে মূলত তিনটি কারণে: দেশীয় শিল্পের সুরক্ষা, সরকারি রাজস্ব বৃদ্ধি এবং বাণিজ্য ভারসাম্য রক্ষা। 

১. দেশীয় শিল্পের সুরক্ষাঃ প্রতিযোগিতামূলক বাজারে বিদেশি পণ্যের দাম যদি দেশীয় পণ্যের দামের কাছাকাছি থাকে, তাহলে গ্রাহকরা সাধারণত বিদেশি পণ্য পছন্দ করেন। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয়। ট্যারিফের মাধ্যমে বিদেশি পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়, যাতে দেশীয় পণ্য প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। উদাহরণস্বরূপ, ১০০ ডলারের একটি বিদেশি ফোনের ওপর ৩৭% ট্যারিফ আরোপ করলে এর দাম হয় ১৩৭ ডলার। ট্যারিফ না থাকলে এই ফোনের দাম থাকত ১০০ ডলার, এবং তখন দেশীয় ফোনের বাজার ধরে রাখা কঠিন হতো। 

২. সরকারি রাজস্ব বৃদ্ধিঃ ট্যারিফ থেকে আসা অতিরিক্ত অর্থ সরকারের আয় বাড়ায়। আগে বাংলাদেশি প্রতি ১০ ডলারের পণ্যে আমেরিকার সরকার ১.৫ ডলার পেত। এখন ৩৭% হারে তারা পাবে ৩.৭ ডলার। এটি সরকারের রাজস্ব বৃদ্ধির একটি কার্যকর উপায়। 

৩. বাণিজ্য ভারসাম্য রক্ষাঃ দুই দেশের মধ্যে আমদানি ও রপ্তানির ভারসাম্য বজায় রাখা বাণিজ্য ভারসাম্য। ২০২৪ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ২.২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে এবং যুক্তরাষ্ট্রে ৮.৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৬.২ বিলিয়ন ডলার। যখন আমদানি বেশি হয়, তখন ট্যারিফ বাড়িয়ে পণ্যের দাম বৃদ্ধি করা হয়, যাতে আমদানি কমে। আবার আমদানি কমে গেলে ট্যারিফ কমিয়ে চাহিদা বাড়ানো হয়। এভাবে ভারসাম্য রক্ষা করা হয়। 


বাংলাদেশের ওপর প্রভাব

এই ২২ শতাংশ পয়েন্ট (১৫% থেকে ৩৭%) ট্যারিফ বৃদ্ধির ফলে আমাদের পণ্যের দাম যুক্তরাষ্ট্রের বাজারে বাড়বে। ১১.৫ ডলারের একটি শার্ট এখন বিক্রি হবে ১৩.৭ ডলারে। এটি আমাদের রপ্তানি খাতে, বিশেষ করে গার্মেন্টস শিল্পে, প্রভাব ফেলবে। আমাদের গার্মেন্টস শিল্পের শক্তি কী? আমাদের কি উন্নত প্রযুক্তি বা অসাধারণ কাজের মান আছে? না, আমাদের প্রধান শক্তি হলো সস্তা শ্রম। 

যুক্তরাষ্ট্রে একজন গার্মেন্টস শ্রমিক ঘণ্টায় ১৫-১৬ ডলার আয় করেন, যা বাংলাদেশি টাকায় প্রায় ১,৬৫০ টাকা (১ ডলার = ১১০ টাকা ধরে)। অন্যদিকে, বাংলাদেশে একজন গার্মেন্টস শ্রমিকের মাসিক বেতন ১২,৫০০ টাকা, যা ২৪০ কার্যঘণ্টা ধরলে ঘণ্টায় ৫২ টাকা বা ০.৪৭ ডলার। এটি আমেরিকার তুলনায় প্রায় ৩২ গুণ কম। এই সস্তা শ্রমের কারণেই বিশ্বের বড় কোম্পানিগুলো বাংলাদেশ থেকে পোশাক তৈরি করে। 

যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতির লক্ষ্য দেশীয় শিল্পকে পুনরুজ্জীবিত করা। তারা চায় আমেরিকানরা যে পোশাক পরে, তা আমেরিকাতেই তৈরি হোক। কিন্তু আমেরিকায় শ্রম খরচ অনেক বেশি। বাংলাদেশে ১০ ডলারের একটি শার্ট তৈরি করে ১৩.৭ ডলারে বিক্রি হয়। আমেরিকায় একই শার্ট তৈরি করতে শ্রম খরচই ২০ ডলারের বেশি হতে পারে। যদি আমেরিকায় উৎপাদিত শার্টের দাম ১৩.৭ ডলারের কম বা কাছাকাছি হয়, তবে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের জন্য তা বড় ধাক্কা হবে। তবে দাম অনেক বেশি হলে আমাদের ক্ষতি সীমিত থাকতে পারে। 

এছাড়া, অন্য দেশের সঙ্গে তুলনা আরেকটি চ্যালেঞ্জ। ভারতের ওপর ট্যারিফ ২৬%, আমাদের থেকে ১১% কম। ভারতে শ্রমিকদের ঘণ্টায় মজুরি ০.৮৬ ডলার, আমাদের ০.৪৭ ডলারের তুলনায় সামান্য বেশি। ১০ ডলারের একটি ভারতীয় শার্ট আমেরিকায় বিক্রি হবে ১২.৬ ডলারে, আমাদের ১৩.৭ ডলারের তুলনায় ১.১ ডলার কম। এই দামের পার্থক্য আমাদের গার্মেন্টস অর্ডার অন্য দেশে, যেমন ভারতে, সরে যাওয়ার ঝুঁকি তৈরি করছে। 

এই ট্যারিফ বৃদ্ধি বাংলাদেশের গার্মেন্টস শিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এর প্রভাব কতটা গভীর হবে, তা নির্ভর করবে বাজারের প্রতিক্রিয়া এবং আমাদের মোকাবিলার কৌশলের ওপর। সস্তা শ্রমের সুবিধাকে কাজে লাগিয়ে এবং বিকল্প বাজার খুঁজে আমাদের এই পরিস্থিতি সামাল দিতে হবে। 


---


 



জামাত-আওয়ামী ভাইভাই


 


খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা আবদুল হাই । বয়স তার ৭৮। গত আট বছর ধরে তিনি গ্রাম ছাড়া। জ্বী ঠিকই শুনেছেন, একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সৌল এজেন্ট আওয়ামীলীগের আমলে আট বছর ধরে নিজের গ্রামে যেতে পারেন নি। কারণটা হচ্ছে তিনি সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের পক্ষে রাজনীতি করতেন না। মজিবুল হকের লোকজন বেশ কয়েকবার তার বাসায় হামলা পর্যন্ত করেছেন। মামলার আসামী হয়েছেন। তাকে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছে। তিনি কিন্তু আওয়ামীলীগই করতেন। গত আট বছর তিনি নিজের গ্রামে ফিরতে পারেন নি। তাহলে একবার বুঝেন যে অন্য দলের কী অবস্থা হতে পারে।

আওয়ামীলীগের পতনের পরে এবার আবদুল হাইয়ের হয়েছিলো বুঝি নিজ গ্রামে যেতে পারবেন। কী বোকাই না তিনি ছিলেন! গতকাল দুপুরে সে যখন ঔষধ কিনতে যান তখন স্থানীয় জামায়াত কর্মী আবুল হাসেমের নেতৃত্বে ১০-১২ জন তাকে ধরে জুতার মালা পরিয়ে দেন। এবং তাকে এলাকা ছেড়ে চলে যেতে বলেন। পত্রিকা মাফিক জানতে পারলাম যে তিনি আবার গ্রামে ছেড়ে চলে গেছেন। 

এই একদিনে জামাত আর আওয়ামীলীগের বেশ মিল রয়েছে । দুই দলই আবদুল হাইকে গ্রাম ছাড়া করেছেন । একদল বাড়িতে হামলা করে আরেকদল জুতাম মালা পরিয়ে। 

মূল কথা হচ্ছে, তুমি কে সেটা দেখার দরকার নাই, তুমি দেশের জন্য কী করেছ, সেটাও দেখার দরকার নাই, যখন আামর হাতে ক্ষমতা তখন তুমি আমার বিপক্ষে কথা বলতে পারবা না। কথা বললেই তোমার খবর আছে। সবার এই একটা জায়গাতে কী চমৎকার মিল!


গুজব চলছে



 আমাদের সামনে সব সবার প্রথম যে বড় গুজবটা এসেছিল সেটা সম্ভবত শাপলা চত্তরে হত্যাকাণ্ডের গুজব। হাজার হাজার হেপাজত কর্মীকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হয়েছে। এই গুজবটা সম্ভবত এখনও চালু আছে। মাঝের কয়েকজন মিলিয়ে গিয়েছিল। এখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। 

এখন সোস্যাল মিডিয়া গুজব ছাড়া আর কিছু নেই। প্রথমআলো, যমুনা টিভি এবং আরটিভি এই তিন মিডিয়ার টেমপ্লেট ব্যবহার করে যে কেউ যা কিছু ছড়িয়ে দিচ্ছে। এবং অবাক করা ব্যাপার হচ্ছে যে প্রচুর মানুষ সেই সব খবর কোন প্রকার যাচাই বাছাই এমন কি ন্যূনতম বিচার বিবেচনা ছাড়াই, সেগুলো বিশ্বাস করে নিচ্ছে আর সেটাকে আরও ছড়িয়ে দিচ্ছে। বিশেষ করে যে খবরর নিজেদের পক্ষে যাচ্ছে সেটা কোন প্রকার বাছবিছা ছাড়াই শেয়ার পোস্ট করে দিচ্ছে। একটা গুজবটা আমি দেখলাম মেহজাবিনকে নিয়ে। মেহজাবিনের একটা পুরানো নাটকের স্যুটিংয়ের ছবি, যেখানে দেখা যাচ্ছে মেহজাবিনের মাথায় ব্যান্ডেজ বাঁধা, সেই ছবি দিয়ে ছড়ানো হচ্ছে যে শোরূমে গিয়ে তার উপরে হামলা হয়েছে। এই পোস্টটা আওয়ামী ঘরোয়ানার পাব্লিকরা খুব খাচ্ছে। 

সেই শুরুতে বাঁশেরকেল্লা এই টাইপের গুজব ছড়াতে ওস্তাদ ছিল। আর এখন আওয়ামীলীগের লোকজন একেবারে সবার এগিয়ে। এমন অনেক মানুষকদের এই তিন মাসে আমি গুজব ছড়াতে দেখলাম যাদেরকে এক সময় আমি ফলো করতাম, যাদের লেখা পছন্দ করতাম তাদের অথেন্টিসিটির কারণে। কেবল মাত্র দলীয় দাসত্ব একটা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় ! এমন আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর ছেলে সজিব জয়ের পেইজ থেকেও বেশ কয়েকটা গুজব ছড়ানো হয়েছে। অভিযোগ বা মতামত না, সরাসরি গুজব যেগুলো পররে রিউমার স্ক্যানে সেই গুজব গুলো ধরাও পড়েছে। তবুও কিন্তু সেগুলো সরানো হয় নি।

গুজব সাধারণত দুই ধরণের মানুষ ছড়ায়। এক হচ্ছে নিজে জেনে বুঝে আর আরেক হচ্ছে না বুঝে। এই দুই ধরনের মানুষ থেকে একেবারে দুরে থাকছি। যে একবার গুজব ছড়াবে, সেটা সে জেনে হোক কিংবা বুঝে তার কাছ থেকে আর কোন ইনফরমেশন নেওয়া যাবে না। তার কথা আর সিরিয়াসলি নেওয়া যাবে না। তাদের বাতিলের খাতায় ফেলে দিতে হবে। এই ব্লগেও রয়েছে কয়েকজন । বিশেষ করে আওয়ামী ঘরোয়ানার কয়েকজন । এরা সরাসরি আওয়ামী গ্রুপ পেইজের এই গুজব গুলো সামুর পাতায় এনে ডাম্প করছে। অন্তত চারজনের নাম স্পষ্ট করে বলা যায় এই পোস্ট ।

বেশির ভাগ ক্ষেত্রেই একটা খবরর গুজব কিনা সেটা শুধু মাত্র নিজের কমনসেন্স ব্যবহার করলেই বোঝা যায়। সেই শাপলা চত্তরের খবরটাই যদি ধরি। সেখানে যদি বলা হল যে হাজার হাজার হেপাজত কর্মীকে হত্যা করা হয়েছে। একজন মানুষকেই খুন করে লাশ গুম করা যায় না আর সেখানে হাজার হাজার লাশ ! ধরেই নিলাম যে খুন হয়েছে তাহলে লাশ গেল কোথায়? সত্যিই কি মনে হয় যে এই এক রাতের মধ্যে শাপলা চত্ত্বরের মত জায়গা থেকে কয়েক হাজার লাশ একেবারে নিশ্চিহ্ন করে ফেলা সম্ভব? এটা আসলেই সম্ভব? তারপরেও আরেকটা বড় কথা হচ্ছে সেই যে লাশ গুম করে ফেলল তাহলে সেই মানুষ গুলোর কই গেল? কেউ তাদের খোজ করল না? ব্যাপারটা কি এমন যে সেই সময়ে সরকার লাশ গুমের সাথে সাথে মানুষের মন থেকে অদ্ভুত জাদু বলে তাদের নামও মুছে দিয়েছে? আমি যদি আজকে হারিয়ে যাই আমার বাবা মা আমাকে খোজ করবে, আমার বন্ধু বান্ধব আমার খোজ করবে। এই ব্লগের কেউ হয়তো একটা পোস্ট দিবে যে অপু তানভীর গেল কই অনেক দিন দেখি না। এখন প্রশ্ন হচ্ছে সেই শাপলা চত্তরে গিয়ে ফিরে না আসা কতজন কর্মীর এই রকম মিসিং রিপোর্ট আছে? সেই লিস্ট টা কই? যদি সত্যিই সেদিন মানুষ মারা যেত তাহলে এই হারিয়ে যাওয়া মানুষের একটা তালিকা থাকবে। সেটা কোথায়? 

শেখ হাসিনা পালানোর পরে ঠিক একই ভাবে একটা গুজব ছড়ানো হয়েছে যে ৩৪৩৮ জন পুলিশকে নাকি হত্যা করা হয়েছে। একদম এরা সংখ্যা নির্ধারণ করে দিচ্ছে। কতজন পুলিশ মারা গেছে তার একটা তালিকা প্রকাশ করা হয়েছে । সেই সাথে কতজন পুলিশ এখনও কাজে যোগ দেয় নি তারও একটা তালিকা আছে। বাংলাদেশের পুলিশের সংখ্যার তো একটা নির্দিষ্ট তালিকা রয়েছে। সেই তালিকার ভেতরে সবাই যোগ দিন কাজে, মানে তারা যে বেচে আছে সেটার একটা চাক্ষুশ প্রমান করেছে। তাহলে এই তিন হাজার কথাটা কোথা থেকে আসল? আর আপনি সেটা বিশ্বাসই করছেন কোন যুক্তিতে?আপদের অবস্থা তো সেই হেপাজতের থেকেও খারাপ । হেপাজতের কর্মী, মাদ্রাসার ছাত্রদের তো নির্দিষ্ট তালিকা নেই কিন্তু পুলিশের তো আছে। তযদি বলা হয় তাহলে দেন বা কোথা জানলেন সেটা বলেন তখন কেউ এক বাটপারের ভিডিও দেয় আবার কেউ বলে আমি মিথ্যা বলি না আমি। আরে বলদা জানিস তো বলিস না কেন ? এই তথ্যপ্রজুক্তির যুগে তথ্য লুকিয়ে রাখা যায় এতো সহজে ! তোর কাছে প্রমান থাকলে প্রকাশ কর । 

আওয়ামীলীগ এমন এমন একটা দল এরা ক্ষমতা ছাড়া আর কিছু বোঝে না। যদি এরা আজকে পারত আজকেই ক্ষমতা দখল করে নিত। এরা আসছে না কারণ এদের কোন ক্ষমতা নেই এখন। যেদিন এরা ক্ষমতা অর্জন করবে সেদিনই হামলা করবে। এখন এটা নেই দেখেই সারাদিন অনলাইনে বসে গুজব ছড়িয়ে চলেছে ।